কল হান্টিং প্রযুক্তিতে গেলো আইইডিসিআর

২৫ মার্চ, ২০২০ ১৪:৪০  
দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও দুইটি নতুন হটলাইন নম্বর যোগ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) । এই দুইটি নম্বরে কল দিলে হান্টিং’ র মাধ্যমে আইইডিসিআরের ১৭ টি হটলাইন নম্বরের মধ্যে যেটি খালি থাকবে সেই নম্বরে কল চলে যাবে। বুধবার (২৫ মার্চ) আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেহেতু হটলাইন নম্বরে কল করতে অনেকের সমস্যা হচ্ছে। তাই হটলাইন নম্বরগুলোকে আরও সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে আইইডিসিআরের যে ১৭ টি নম্বর ছিল। তার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ পরিচালিত কিছু নম্বর, যা দিয়ে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটি সার্ভিস দিচ্ছিল- তাদের ওই নম্বর আমাদের হটলাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা সবাইকে অনুরোধ করব সব নম্বরে বিচ্ছিন্নভাবে চেষ্টা না করে আইইডিসিআর’র সঙ্গে যোগাযোগ করার জন্য এই দুইটি নম্বরে কল করুন- # ০১৯৪৪৩৩৩২২২ # ১০৬৫৫। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আপনারা বিচ্ছিন্নভাবে সব নম্বরে কল দিলে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া আমরা একটি ইমেল ও ফেসবুকের আইডি দিয়েছি। সেখানে ইনবক্সে তথ্য দিচ্ছি-নিচ্ছি।